বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। সেনাপ্রধানের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। একইসাথে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)-এর মহাপরিচালক পদেও নতুন নেতৃত্ব এসেছে। রবিবার সেনাসদর থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই রদবদলের ফলে সেনাবাহিনীর কমান্ড কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান এর আগে আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জানুয়ারি থেকে খালি থাকা সিজিএস পদে তিনি স্থলাভিষিক্ত হলেন। এ পদে সর্বশেষ কর্মরত ছিলেন লে. জেনারেল মিজানুর রহমান শামীম।
অপরদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করে বদলি করা হয়েছে। একসময় তাকে সিজিএস পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
সেনাবাহিনীতে তৃতীয় গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)-এর মহাপরিচালক পদে নতুন মুখ হিসেবে এসেছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদ। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডিজিএফআইয়ের সদ্য বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়াও, ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে। মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
এই রদবদলগুলো সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 
























