মহান একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এবার দুটি নতুন গান নিয়ে হাজির হয়েছেন মিষ্টি কণ্ঠের সংগীতশিল্পী তানজিনা করিম স্বরলিপি। একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং অন্যটি প্রচারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এর মাধ্যমে তিনি ভাষা শহীদদের প্রতি তার গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সুরের মূর্ছনায়।
গত ১৬ ফেব্রুয়ারি, মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘বাংলা আমার মায়ের ভাষা’ শিরোনামের একটি গান। এই গানে অনেক শিল্পীর মধ্যে স্বরলিপিও কণ্ঠ দিয়েছেন এবং মিউজিক ভিডিওতেও তার উপস্থিতি দেখা গেছে। সবুজ জামানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। স্বরলিপির পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী, স্মরণ, প্রিয়াঙ্কা, রাইসা, জেমি ও সবুজ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিমুল চৌধুরী।
এছাড়াও, মহান ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হয়েছে তানজিনা করিম স্বরলিপির একক কণ্ঠে গাওয়া ‘আমার ভাষাতে আমার আবেগ, আমার অধিকার’ শীর্ষক একটি মৌলিক গান। এনামুল কবির সুজনের লেখা এই গানটির সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ।
নিজের গাওয়া গান প্রসঙ্গে স্বরলিপি বলেন, “মহান একুশে ফেব্রুয়ারিতে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব। এই বিশেষ দিনে বিটিভিতে আমার গাওয়া একটি মৌলিক গান প্রচার হওয়াটা সত্যিই আনন্দের। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ‘আমার ভাষাতে আমার আবেগ, আমার অধিকার’ গানের কথাগুলো যেন বুকের ভেতর এক অন্যরকম ভালো লাগার সৃষ্টি করে। সুমন কল্যাণ দাদা দারুণ সুর করেছেন, তাই গাইতেও ভীষণ ভালো লেগেছে।”
তিনি আরও যোগ করেন, “ইউটিউবে প্রকাশিত ‘বাংলা আমার মায়ের ভাষা’ গানটির কথা ও সুরও ভীষণ আবেগতাড়িত। এমন চমৎকার একটি গানে আমাকে সম্পৃক্ত রাখার জন্য গীতিকার ও সুরকারকে ধন্যবাদ।”
রিপোর্টারের নাম 























