পবিত্র রমজান মাসজুড়ে দর্শকদের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আসছে বিশেষ ধারাবাহিক নাটক ‘রহমত’। প্রথম রমজান থেকেই প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। আল আমিন স্বপনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন মামুন আব্দুল্লাহ।
লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় এবং টিপু আলম মিলনের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এই ধারাবাহিক। পরিচালক মামুন আব্দুল্লাহ নাটকটি সম্পর্কে বলেন, “পবিত্র রমজানে কোরআন-হাদিসের আলোকে মানুষকে যাবতীয় অন্যায় থেকে দূরে রাখা, ভালো কাজের প্রতি উৎসাহিত করা এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করাই এই নাটকের মূল উদ্দেশ্য।”
নাটকের গল্প আবর্তিত হয়েছে সুন্দরগঞ্জ নামের এক মফস্বল গ্রামকে ঘিরে। এই গ্রামে পরিবার পরিজন নিয়ে বাস করেন অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক আলী মাস্টার। তার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে তিতলি স্বামীসহ এই বাড়িতেই থাকে। একমাত্র ছেলে মিঠু এবং ছোট মেয়ে তিশাও একই ছাদের নিচে বসবাস করে।
রমজান মাসের শুরুতেই সেহরির খাবার টেবিলে আলী মাস্টার দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। প্রথমত, রমজান মাসজুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় কোনো রান্না করা যাবে না। দ্বিতীয়ত, পুরো রমজান মাসেই তিনি সেহরি এবং ইফতারের সময় একজন করে গরিব-দুঃখী মেহমান নিয়ে আসবেন। তার এই মহৎ উদ্যোগের বিষয়ে পরিবারের কেউ কোনো আপত্তি তুলতে পারবে না বলে তিনি জানিয়ে দেন। এভাবেই একের পর এক নতুন চরিত্র এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প, যা দর্শকদের সামনে তুলে ধরবে রমজানের মহিমা ও মানবিকতার শিক্ষা।
আব্দুল্লাহ্ রানা, মৌ শিখা, এম কে এইচ পামির, শেখ স্বপ্না, আশরাফুল আশীষ, মুসকান সিকদার, আলিফ চৌধুরী, ডিম্পল আহমেদ, নিপুন আহমেদ, অধরা নিহারিকা, সিদ্দিক মাষ্টার, মনিরুজ্জামান মনি, হাসিমুন, শিশুশিল্পী রেহনুমা আরিবা, মাসুদ হারুন, আলমাস, ইমরান হোসেন হাসো, লেলিন মৃধা, সাভা তাবাসসুম, শৈশব আমিরী, শাহজাহান শোভন, হাবিবুর রহমান-সহ একঝাঁক জনপ্রিয় ও গুণী শিল্পী এই নাটকে অভিনয় করেছেন।
রিপোর্টারের নাম 

























