রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনার জেরে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। হামলায় অভিনেত্রীর ছেলে চোখে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
পারিবারিক ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, এদিন বিকেল ৩টার দিকে একটি দ্রুতগামী ব্যক্তিগত গাড়ি পেছন থেকে মনিরা মিঠুর গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসময় অভিনেত্রীর বড় ছেলে উপন্যাস গাড়িটি আটকানোর চেষ্টা করলে প্রতিপক্ষ গাড়ির দুই আরোহী তাকে বেধড়ক মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন মনিরা মিঠু। তিনি জানান, ঘাতক গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে এসে তাদের গাড়িতে আঘাত হানে। প্রতিবাদ করতে গেলে তার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে। হামলাকারীদের গাড়ির নম্বর ও ঘটনার ভিডিও ফুটেজ তাদের সংগ্রহে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ছেলের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, চিকিৎসার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে তিনি রাজধানীর তুরাগ থানায় অবস্থান করছেন। বর্তমানে সেখানে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আহত উপন্যাসের চোখের আঘাতটি গুরুতর হওয়ায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























