সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে সচিব পদমর্যাদায় এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আবু আবদুল্লাহ এম ছালেহ সরকারের সচিব পদমর্যাদায় নির্ধারিত ৭৮ হাজার টাকা বেতনে এই দায়িত্ব পালন করবেন। তার এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
পেশাদার সাংবাদিক হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহ দীর্ঘ সময় বার্তা সংস্থা ইউএনবি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাংবাদিকদের শীর্ষ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আবু আবদুল্লাহ ছালেহ দীর্ঘ সময় বিদেশে অবস্থানকালে তারেক রহমানের প্রেস সংক্রান্ত বিষয়গুলো সমন্বয় করেছেন। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমান যখন যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন, তখন তিনি তার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে আসেন। পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে এখন তাকে সরকার প্রধানের প্রেস সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো।
রিপোর্টারের নাম 


















