ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক মাধ্যমে ‘আপত্তিকর’ পোস্টের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মকে বিতর্কিত ভিডিও, পোস্ট ও মন্তব্য দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে।
দিল্লি পুলিশ নিয়মিত সামাজিক মাধ্যম পর্যবেক্ষণ করছে এবং নতুন করে এমন কোনো কনটেন্ট শনাক্ত হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে তা অপসারণের জন্য নোটিস পাঠাচ্ছে।
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন শেষ হওয়ার একদিন পর থেকে এই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের সংগঠনটি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। সিজেপি’র দাবি, সরকার নিট পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারী ও সংগঠকদের বিরুদ্ধে নতুন মামলা না করার বিষয়ে সম্মতি দিয়েছে।
তবে সরকার সব ধরনের মামলা প্রত্যাহার করবে নাকি শুধু শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাই প্রত্যাহার করা হবে—এ প্রশ্নে সিজেপি নেতারা জানান, সহিংস অপরাধী ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের মধ্যে পার্থক্য করা হবে এবং সমঝোতার লিখিত কপি শিগগিরই প্রকাশ করা হবে।
রিপোর্টারের নাম 





















