বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার সকাল ১০টা থেকে পুনরায় শুরু হচ্ছে। একই সঙ্গে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল ১০টায় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা গ্রহণের কথা রয়েছে।
গত ১৬ জুলাই বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই পরীক্ষাগুলো ২৭ জুলাই থেকে পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়।
স্থগিত হওয়া অন্যান্য পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী ১১৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
রিপোর্টারের নাম 





















