প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে নতুন করে তিন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব, একান্ত সচিব (পিএস)-২ এবং সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে এই নিয়োগ দেওয়া হয়। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে সাংবাদিক আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপের সমপরিমাণ বেতন ও সুযোগ-সুবিধা পাবেন।
একান্ত সচিব-২ (পিএস-২) পদে নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম। তাকে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান সানি। তিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতন কাঠামো অনুযায়ী পারিশ্রমিক পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নবনিযুক্ত এই কর্মকর্তারা তাদের বর্তমান পেশা, ব্যবসা কিংবা অন্য কোনো সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সকল কর্ম-সম্পর্ক ত্যাগ করে এ পদে যোগদান করবেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) তারা চুক্তিভিত্তিক এই পদে বহাল থাকবেন।
রিপোর্টারের নাম 


















