## উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: কতটা এগিয়েছি, কতটা পিছিয়ে?
ঢাকা: দেশের উন্নয়নের বাস্তব চিত্র অনুধাবন করতে হলে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, তা না হলে উন্নয়নের মহাসড়কে আমরা কতটা পিছিয়ে আছি, তা স্পষ্ট হবে না। জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নিষ্ঠার সাথে কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আমরা এখানে কোনো ব্যক্তিগত প্রাপ্তির জন্য আসিনি। আমাদের লক্ষ্য হবে মিতব্যয়ী হওয়া এবং মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে সর্বতোভাবে সহযোগিতা অব্যাহত রাখা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বহু ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। জনগণ আমাদের যে দায়িত্ব অর্পণ করেছে, তা যথাযথভাবে পালন করতে আমরা বদ্ধপরিকর। এই মহৎ উদ্দেশ্য সাধনে আপনাদের দলীয় পরিচয় নির্বিশেষে সহযোগিতা একান্তভাবে কাম্য।
এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি, যেখানে আমার পিতাও কর্মময় জীবন অতিবাহিত করেছেন। এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও বেগবান করতে আমি সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
এর আগে, নবনিযুক্ত সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে মন্ত্রণালয় সচিব ও অন্যান্য কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরবর্তীতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রিপোর্টারের নাম 









