বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, রাজনৈতিক মতাদর্শ কিংবা ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের কাছে প্রতিটি মানুষের মর্যাদা ও অধিকার সমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “সরকার প্রধান হিসেবে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই—যারা বিএনপিকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা যারা ভোটদানে বিরত ছিলেন, এই সরকারের কাছে আপনাদের সবার অধিকার সমান। আমাদের সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, দলমত ও ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু এই রাষ্ট্র আমাদের সবার। সমতল কিংবা পাহাড়—যেখানেই হোক, প্রতিটি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।”
ভাষণের শুরুতে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান হাজারো শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, অগণিত মানুষের প্রাণের বিনিময়ে দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। একটি তাবেদারমুক্ত এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের মাধ্যমে দেশে নতুন যাত্রার সূচনা হয়েছে। স্বাধীনতাপ্রিয় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়কালের দুর্নীতি ও দুঃশাসনে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর। শাসন কাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ অবস্থায় জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করাকেই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
সামাজিক অস্থিরতা ও অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশজুড়ে জুয়া ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম প্রধান কারণ। এসব নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো রাজনৈতিক প্রভাব বা জোর-জবরদস্তি নয়, বরং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। দেশের প্রতিটি সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব বিধিবদ্ধ নিয়মে চলবে এবং আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না।
রিপোর্টারের নাম 









