অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘ঢাকা ফিল্ম ক্লাব’-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়ক দ্বীপে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে চলচ্চিত্রগুলো সাধারণ দর্শকদের জন্য প্রদর্শিত হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের প্রথম দিন (শুক্রবার) প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। ১৯৭০ সালে নির্মিত এই চলচ্চিত্রটি একটি পরিবার ও একটি চাবির গোছার রূপকের মাধ্যমে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলনের চেতনাকে তুলে ধরেছিল। এই ছবিতেই প্রথমবারের মতো আব্দুল গাফফার চৌধুরীর লেখা অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ ব্যবহৃত হয়। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, আনোয়ার হোসেন ও রওশন জামিলের মতো কিংবদন্তি শিল্পীরা।
প্রদর্শনীর দ্বিতীয় দিন (শনিবার) দেখানো হবে শহীদুল হক খান পরিচালিত চলচ্চিত্র ‘কলমীলতা’। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে ৫২-এর ভাষা আন্দোলনকে বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি বা ‘রক্তবীজ’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে। একটি পারিবারিক গল্পের আবহে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাসের পরিক্রমা এই চলচ্চিত্রে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেশের মাটি ও মানুষের জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা এই চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী, বুলবুল আহমেদ, সুচরিতা, ইলিয়াস কাঞ্চন, গোলাম মুস্তাফা ও টেলি সামাদসহ আরও অনেকে।
আয়োজন প্রসঙ্গে ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, বাংলা চলচ্চিত্রে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের উপস্থিতি তুলনামূলকভাবে কম। বিস্তৃত পরিসরে এই গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে চলচ্চিত্র নির্মাণের সংখ্যাও সীমিত। মূলত ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস ও প্রেক্ষাপট সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























