জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি দখলদার বাহিনী। সোমবার কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই মসজিদ প্রাঙ্গণের ভেতর থেকে তাকে আটক করা হয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করে শেখ আল-আব্বাসিকে নিজেদের হেফাজতে নেয়। গ্রেপ্তারের সময় তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা পরোয়ানা দেখানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরাইলি প্রশাসনের কড়াকড়ি ও দমনমূলক আচরণ চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে পবিত্র এই মসজিদে কর্মরত ইমাম, খতিব ও সাধারণ মুসল্লিদের ওপর নিয়মিত নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। একদিকে সাধারণ ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, অন্যদিকে ইসরাইলি পুলিশের কড়া পাহারায় উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের মসজিদ প্রাঙ্গণে উসকানিমূলক তৎপরতা ও তাণ্ডব আশঙ্কাজনকভাবে বেড়েছে। ধর্মীয় নেতৃবৃন্দের ওপর এমন ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবেই ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 























