মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া শর্ত বা ‘রেড লাইন’ ইরান এখনো মেনে নেয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জেনেভায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। আলোচনায় কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হলেও মূল সংকটপূর্ণ বিষয়গুলোতে এখনো অচলাবস্থা কাটেনি বলে তিনি উল্লেখ করেন।
মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, জেনেভায় অনুষ্ঠিত আলোচনার কিছু দিক আশাব্যঞ্জক ছিল এবং উভয় পক্ষই পরবর্তী দফায় বৈঠকে বসতে সম্মত হয়েছে। তবে তেহরান এখনো এমন অবস্থানে পৌঁছাতে পারেনি, যেখানে তারা প্রেসিডেন্টের নির্ধারিত শর্তগুলো মেনে নিয়ে সমাধানের পথে এগোবে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, পারমাণবিক কর্মসূচিসহ বির্তকিত ইস্যুগুলোতে ইরান যদি নির্দিষ্ট শর্ত মেনে সমঝোতায় না আসে, তবে যুক্তরাষ্ট্র প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। তবে বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন এখনই কঠোর কোনো পদক্ষেপ না নিয়ে কূটনৈতিক তৎপরতাকেই অগ্রাধিকার দিচ্ছে বলে জানান ভাইস প্রেসিডেন্ট।
জেডি ভ্যান্স আরও বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের পথ এখনো খোলা রাখা হয়েছে। তবে এই কূটনৈতিক প্রচেষ্টার সময়সীমা কতদিন হবে বা কখন এর ইতি টানা হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল প্রেসিডেন্টের। পরিস্থিতি যাতে সংঘাতের দিকে না যায় সে বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করলেও প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য মার্কিন প্রশাসন প্রস্তুত রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
রিপোর্টারের নাম 























