মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার কিউবাকে ‘একটি ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি হাভানার প্রতি ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তবে, কিউবার সরকার পরিবর্তনে সামরিক অভিযানের সম্ভাবনা তিনি নাকচ করে দেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি সরাসরি বলেন, ‘কিউবা এখন একটি ব্যর্থ রাষ্ট্র।’ কিউবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় সেটির প্রয়োজন হবে না।’
বর্তমানে দ্বীপরাষ্ট্র কিউবা তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে দীর্ঘদিনের মার্কিন অবরোধ আরও কঠোর করছে। একইসঙ্গে অন্য দেশগুলোকেও হাভানায় তেল সরবরাহ বন্ধের জন্য চাপ দিচ্ছে ওয়াশিংটন।
জ্বালানি সংকটকে ‘একটি মানবিক হুমকি’ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এর আগে ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল, যা কিউবার জন্য একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল। তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা আপাতত উড়িয়ে দেওয়া হলো।
রিপোর্টারের নাম 

























