উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে নিহত সেনাদের পরিবারের জন্য রাজধানী পিয়ংইয়ংয়ে একটি নতুন আবাসন প্রকল্পের উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মধ্য দিয়ে কিম একদিকে যেমন দেশের জন্য আত্মদানকারী সেনাদের ‘শহীদ’ হিসেবে সম্মান জানাচ্ছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে কিমের সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত কন্যা কিম জু আয়েকেও দেখা গেছে।
সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে কিমকে তার কন্যার সঙ্গে নতুন ফ্ল্যাটগুলো পরিদর্শন করতে দেখা যায়। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে পিয়ংইয়ং অভ্যন্তরীণ ঐক্য জোরদার করার পাশাপাশি মস্কোর প্রতি তাদের সমর্থন আরও দৃঢ় করার বার্তা দিচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত সেনাদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দিয়ে কিম তার দেশের মানুষকে একতাবদ্ধ করতে চাইছেন।
দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য হাজার হাজার সেনা পাঠিয়েছে। সিউলের ধারণা, এই সংঘাতে প্রায় দুই হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই সামরিক সহায়তার বিনিময়ে পিয়ংইয়ং মস্কোর কাছ থেকে আর্থিক সহায়তা, অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং খাদ্য ও জ্বালানি সরবরাহ পাচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, সম্প্রতি এক সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে কিম দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি এই আবাসন প্রকল্পকে মাতৃভূমির জন্য আন্তরিক আকাঙ্ক্ষা এবং পবিত্র মূল্যবোধ রক্ষায় জীবন উৎসর্গকারী বীর সন্তানদের অমরত্বের প্রতীক হিসেবে বর্ণনা করেন। কিম তার ভাষণে বলেন, “তারা চিরকাল বেঁচে থাকবে।”
যদিও সোমবারের প্রতিবেদনে সরাসরি রাশিয়ার নাম উল্লেখ করা হয়নি, তবে গত সপ্তাহে কিম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব নীতি ও সিদ্ধান্তকে নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার করেছেন। নতুন আবাসন পরিদর্শনের সময় কিমের পাশে তার কিশোরী কন্যা কিম জু আয়ের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে, সাম্প্রতিক বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তার উপস্থিতি এবং রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে তাকে বাড়তি গুরুত্ব দেওয়া ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত বহন করে।
রিপোর্টারের নাম 
























