শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র বারবার ইউক্রেনের কাছেই ছাড় চাইছে, কিন্তু রাশিয়ার ওপর একই ধরনের চাপ দিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভাষণে জেলেনস্কি বলেছেন, আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে ত্রিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে, তা অর্থবহ ও ফলপ্রসূ হবে বলে তিনি আশা করছেন। তবে আলোচনার ধরণ নিয়ে তার স্পষ্ট অসন্তোষ রয়েছে।
তিনি আরও বলেছেন, আমরা চাই বৈঠকগুলো বাস্তবসম্মত ও ফলপ্রসূ হোক। কিন্তু অনেক সময় মনে হয়, পক্ষগুলো একেবারেই ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে।
জেলেনস্কি আরও অভিযোগ করেছেন, আমেরিকানরা প্রায়ই ছাড়ের বিষয় তোলেন, কিন্তু তা শুধু ইউক্রেনের জন্যই, রাশিয়ার জন্য নয়। জেলেনস্কি জানতে চেয়েছেন, মস্কো কী ধরনের আপস করতে প্রস্তুত, কারণ ইউক্রেন ইতিমধ্যেই অনেক ছাড় দিয়েছে।
তিনি আরও বলেছেন, ইউক্রেনের মিত্রদের উচিত রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এবং কিয়েভকে আরও অস্ত্র সরবরাহ করা, যাতে মস্কোকে শান্তিতে বাধ্য করা যায়।
জেলেনস্কি বলেছেন, মার্কিন আলোচকরা জানিয়েছিলেন, ইউক্রেনীয় বাহিনী যদি দোনেৎস্ক এলাকা থেকে সরে যায়, রাশিয়া দ্রুত যুদ্ধ শেষ করতে পারবে। তবে তিনি দোনেৎস্কে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করতে রাজি এবং ফ্রন্টলাইন স্থিতিশীল রাখার কথা বলেছেন।
উল্লেখ্য, বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করেছে, যার মধ্যে ক্রিমিয়া ও ডনবাসের অংশ রয়েছে।
জেলেনস্কি আরও বলেন, যেকোনও শান্তিচুক্তির আগে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি জরুরি, পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন এবং যুদ্ধবন্দি বিনিময়ও প্রয়োজন।
তিনি অভিযোগ করেছেন, ইউরোপকে আলোচনার টেবিলে কার্যত পাশ কাটিয়ে রাখা হয়েছে। যা একটি বড় ভুল।
রিপোর্টারের নাম 























