এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান তাঁর বাবার আদর্শকে সামনে রেখে সঙ্গীত জগতে নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি স্ত্রী মৌসুমী ও একমাত্র কন্যা প্রীতিকা হাসানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি তিনি তাঁর ছোট ভাই, আরেক জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড এবং ব্রিজবেনে সফলভাবে স্টেজ শো সম্পন্ন করেছেন।
এই ব্যস্ততার মাঝেই গতকাল প্রতীক হাসান তাঁর শ্রোতাদের জন্য নতুন দুটি গান প্রকাশের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একটি গান আজ ভালোবাসা দিবসে শ্রোতাদের মাঝে উন্মোচিত হবে। অপর গানটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে।
উভয় গানেরই মিউজিক ভিডিও যুক্তরাষ্ট্রের বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে ধারণ করা হবে। প্রতীক হাসান জানান, “দীর্ঘদিন ধরে নতুন গান প্রকাশ না হওয়ায় ভক্ত-শ্রোতাদের কথা ভেবেই ভালোবাসা দিবস ও ঈদের জন্য নতুন গানগুলো তৈরি করেছি। যুক্তরাষ্ট্রের এক মেধাবী টিম এই মিউজিক ভিডিওগুলো নির্মাণ করবে, যা নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। গান দুটির কথা, সুর ও সঙ্গীত আমার নিজেরই করা। তাই গানের ভাব ও বিষয়বস্তুর ওপর ভিত্তি করেই মিউজিক ভিডিওগুলো তৈরি হচ্ছে। আমি মনে করি, গান দুটি ২০২৬ সালের অন্যতম চমক হতে চলেছে, তবে এর সফলতা নির্ভর করছে শ্রোতা-দর্শকদের ওপর।”
নিউইয়র্কে পরিবার নিয়ে ভালো থাকার কথা উল্লেখ করে প্রতীক হাসান বলেন, “পরিবার নিয়ে নিউইয়র্কে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে দেশ ও দেশের মানুষের জন্য মন সবসময় টানে। দেশের জীবনযাপনও ভীষণ মিস করি। আমি সবার মঙ্গল কামনা করি।”
প্রতীক হাসানের সর্বশেষ একক গান ছিল ‘প্রেমে দিওয়ানা’। নতুন এই দুটি গান মিউজিক ভিডিওসহ তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
রিপোর্টারের নাম 























