সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। নাগরিক দায়িত্ব পালনের এই মহোৎসবে শামিল হতে ঢাকা থেকে নিজ জেলা শরীয়তপুরে ছুটে গেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেখানে নিজের পৈতৃক গ্রামের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি।
ভোট দেওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রভা জানান, ভোটকে কেন্দ্র করে এক ধরনের রোমাঞ্চ কাজ করছিল তার মনে। এই আনন্দ ও উত্তেজনার কারণে ভোটের আগের রাতে তিনি ঘুমাতেই পারেননি। প্রভার ভাষায়, “পুরো পরিবেশটা একেবারে উৎসবের মতো মনে হচ্ছে। ঈদের ছুটিতে বাড়ি ফিরলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনটাই লাগছে। আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম, সত্যি বলতে উত্তেজনায় কাল রাতে চোখ বুজতে পারিনি।”
ব্যস্ততা ও ছুটির সুযোগ থাকা সত্ত্বেও কেন গ্রামে গিয়ে ভোট দিলেন—এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, এটি তার নাগরিক দায়বদ্ধতা। তিনি বলেন, “অনেকেই পরামর্শ দিয়েছিলেন ছুটির দিন হিসেবে বাড়িতে বিশ্রাম নিতে। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও অত্যন্ত মূল্যবান। সেই সচেতনতা এবং দায়িত্ববোধ থেকেই শিকড়ের টানে শরীয়তপুরে আসা।”
আগামীর বাংলাদেশের প্রত্যাশা নিয়ে প্রভা বলেন, তিনি একটি সমৃদ্ধ ও সম্প্রীতিময় বাংলাদেশ দেখতে চান। তার মতে, শৈশবে দেখা সেই সুন্দর বাংলাদেশই তার কাম্য। প্রভা বলেন, “আমি একাত্তরের চেতনা ও বায়ান্নর আত্মিক সম্পর্কের বাংলাদেশ চাই। যেখানে বইমেলা, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস কিংবা পহেলা বৈশাখের মতো উৎসবগুলো হবে সার্বজনীন। পাশাপাশি প্রতিটি ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পারেন, সেই প্রত্যাশা করি।”
ভোটের দিনটিকে জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে এই তারকা একটি সুন্দর ও শান্তিপূর্ণ আগামীর শুভকামনা জানান।
রিপোর্টারের নাম 

























