আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে চলছে সাজ সাজ রব। এই নির্বাচনের পাশাপাশি প্রথমবারের মতো একটি জাতীয় সনদ অনুমোদনের লক্ষ্যে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
ব্যক্তিগত জীবনে স্পষ্টভাষী হিসেবে পরিচিত ন্যান্সি, যখন দেশজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে, ঠিক তখনই তিনি ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই তার এই অবস্থানের কথা জানিয়েছেন। তার এই আকস্মিক ঘোষণায় নেটিজেনদের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকেই তাকে এ নিয়ে সমালোচনার মুখে ফেলেছেন। তবে এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে ন্যান্সি নিজের নীতিতে অটল থাকার কথা জানিয়েছেন।
জানা গেছে, সংগীতশিল্পী ন্যান্সি বরাবরই জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থক। অতীতেও তার এই সমর্থনের কারণে তাকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। একাধিক কনসার্ট ও অনুষ্ঠান বাতিল হওয়ার মতো ঘটনার সাক্ষীও তিনি। তবুও তিনি জাতীয়তাবাদী দলের প্রতি তার আনুগত্য বজায় রেখেছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ন্যান্সি বিএনপির প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। শুধু তাই নয়, দলটিকে নিয়ে তিনি একাধিক গানেও কণ্ঠ দিয়েছেন, যা তার রাজনৈতিক অঙ্গীকারেরই প্রতিফলন। এবার গণভোটে তার ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 

























