জাতীয় নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় যখন প্রার্থীরা ব্যস্ত, তখন রাজনৈতিক অঙ্গনে সরব হয়েছেন শোবিজ জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে কেউ কেউ যেমন বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের হয়ে বিভিন্ন আসনে প্রচারে অংশ নিচ্ছেন, তেমনি এক ভিন্ন চিত্র তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী শিমলা। একসময় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেও, সম্প্রতি তাকে দেখা গেছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে। তার এই আকস্মিক অবস্থান পরিবর্তন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও ট্রল।
জানা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত এই অভিনেত্রী। সেসময় তিনি নিজেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। অথচ, গত ৯ ফেব্রুয়ারি ঢাকা-১৭ আসনে ধানের শীষের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইছেন।
অভিনেত্রী শিমলার এমন বিপরীতমুখী অবস্থান দ্রুতই নেটিজেনদের নজরে আসে এবং তা নিয়ে শুরু হয় ট্রলের বন্যা। প্রচারণার সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শিমলা বলেন, “আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দিতে রাজি হয়েছেন। আর আমাকে নিয়ে নয়-ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলবো।”
নৌকার মনোনয়ন ফরম সংগ্রহের পর ধানের শীষের পক্ষে মাঠে নামায় তার এই আকস্মিক পরিবর্তনের কারণ জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, এবারের নির্বাচনে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খানসহ আরও কয়েকজন তারকাকে ধানের শীষের প্রচারে দেখা গেছে। তবে শিমলার বিষয়টি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে তার পূর্ববর্তী রাজনৈতিক আকাঙ্ক্ষার কারণে।
রিপোর্টারের নাম 

























