বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই সুযোগে হামলাকারীরা বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।
বিবৃতিতে জানানো হয়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে, সম্প্রতি দলের আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডেলসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সমন্বিত সাইবার আক্রমণ চালানো হয়।
হামলাকারীরা অত্যন্ত সুসংগঠিত পদ্ধতি ব্যবহার করে সাময়িকভাবে আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা কাজে লাগিয়ে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এর ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এই স্বল্প সময়ের মধ্যে জামায়াত আমিরের নামে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্টভাবে জানান, প্রকাশিত ওই পোস্ট বা কনটেন্ট আমিরে জামায়াতের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানের প্রতিফলন নয়। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি এই মিথ্যা তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জামায়াতের পক্ষ থেকে সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের প্রতি ভুয়া খবর, জাল উদ্ধৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ এবং নৈতিকভাবে নিন্দনীয় কাজ, যা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
সবার প্রতি অনুরোধ করা হয়েছে, শুধুমাত্র অফিশিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করতে। যাচাই না করে কোনো কনটেন্ট শেয়ার না করতে এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করতেও বলা হয়েছে।
দলটির ক্যাম্পেইন টিম স্বচ্ছতা, ডিজিটাল নিরাপত্তা এবং জনসাধারণের সাথে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড পরিহার করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।
রিপোর্টারের নাম 























