যুক্তরাজ্যের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসির সাবেক সাংবাদিক আকবর হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে আওয়ামী লীগের বিতর্কিত নেতা মাহবুবুল আলম হানিফের সঙ্গে তুলনা করেছেন। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
আকবর হোসেন তার পোস্টে লেখেন, “ঐ লোকটাকে দেখে আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফের কথা মনে পড়লো বহুদিন পরে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে মাহবুবুল আলম হানিফের কোনও খোঁজ ছিল না। এবং ৫ আগস্টের পরেও হানিফের কোনও খোঁজ নেই। মাঝের সাড়ে ১৬ বছর হানিফ সম্পর্কে অনেকে অনেক কিছু জানে! ঐ লোকটার অবস্থাও তাই! আওয়ামী লীগ আমলে তার নাম কেউ জানতো না। পরেও হয়তো জানবে না!”
উল্লেখ্য, সম্প্রতি বগুড়ায় চারটি নতুন ইউনিয়ন গঠন নিয়ে তীব্র সমালোচনা ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নবগঠিত ইউনিয়নগুলোর মধ্যে তিনটির নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের সঙ্গে সম্পর্কিত। গত ১১ জুন জারি করা গেজেট প্রজ্ঞাপন ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠন করে মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম অনুসারে একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে মীরবাড়ি। আর সীমান্ত ও দিগন্ত নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়। এই নামকরণকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক অসন্তোষ ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 























