নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যটন নগরী কক্সবাজার সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওই দিন সকালে তিনি শহরের মুক্তিযোদ্ধা মাঠ (গোলচত্বর) এবং দ্বীপ উপজেলা মহেশখালীতে ১১ দলীয় জোট আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় আমিরের এই সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কক্সবাজার শহরের জনসভায় ৫ লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। এই জনসভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে ১১ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদসহ কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সফরসূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টায় হেলিকপ্টারযোগে ডা. শফিকুর রহমান প্রথমে মহেশখালী উপজেলায় পৌঁছাবেন। সেখানে আয়োজিত জনসভা শেষে তিনি কক্সবাজার জেলা সদরের উদ্দেশ্যে রওনা হবেন। কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জনসভার সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা।
শুক্রবার রাতে কক্সবাজার শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মো. সিরাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও মহানগরে সফর করছেন আমিরে জামায়াত। এরই ধারাবাহিকতায় কক্সবাজার সফরের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সেতুবন্ধন আরও দৃঢ় হবে। সফরটি সফল করতে জেলা ও শহর পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম জানান, আমিরে জামায়াতের আগমণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা আশা করছেন, মুক্তিযোদ্ধা মাঠের জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় পর্যটন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম ফারুক কায়সার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী ও সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 
























