রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য সাশ্রয়ী ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করার পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। একই সঙ্গে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালু এবং দেশের প্রথম ‘এআই ক্যাম্পাস’ নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেছে দলটি।
শনিবার রাজধানীর বনানী ক্লাবে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব পরিকল্পনার কথা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. মঈন খান।
অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন দলের ভবিষ্যৎ আইসিটি রোডম্যাপ তুলে ধরে বলেন, দেশের মেধাবী তরুণদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ ও সুযোগ নিশ্চিত করা হবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে সারা দেশে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে সব শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, রেলস্টেশন, বিমানবন্দর ও গ্রামীণ ডিজিটাল সেন্টারসহ জনবহুল স্থানগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ওয়াইফাই সুবিধার আওতায় আনা হবে।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান দলটির সাত দফা আইসিটি রোডম্যাপ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এই রূপরেখায় ক্যাশলেস অর্থনীতি প্রতিষ্ঠা, দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যাম্পাস নির্মাণ এবং ইন্টারনেট ব্যবহারের খরচ কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
ড. মাহদী আমিন তার বক্তব্যে আরও উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি খাতকে গতিশীল করতে এবং ফ্রিল্যান্সারদের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে বিএনপি ইতোমধ্যে কাজ শুরু করেছে। ক্ষমতায় গেলে দ্রুততম সময়ের মধ্যে পেপ্যাল সেবা নিশ্চিত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে তথ্যপ্রযুক্তি খাতের এই বৈপ্লবিক পরিবর্তন দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
অ্যাফিক্স বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা শামীম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর, গ্লোবাল ইনফোটেকের সিইও নাওঈদ হোসাইন এবং ত্রিমাত্রিক এআই-এর সিইও সৈয়দ মোশাররফ আলী মিরশাদসহ আইসিটি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আইসিটি খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দেন।
রিপোর্টারের নাম 
























