সিলেট-৪ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কোনো ধরনের রক্তচক্ষু বা বাধার কাছে নতিস্বীকার করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি-জমিয়ত ঐক্যজোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, জনগণের স্বার্থ রক্ষায় তিনি অতীতেও যেমন আপস করেননি, ভবিষ্যতেও তেমনি অবিচল থাকবেন।
শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ও রুস্তুমপুর ইউনিয়নে আয়োজিত পৃথক জনসভা ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খান টি এস্টেটে চা-শ্রমিকদের সঙ্গেও মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে এই অঞ্চলের মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন। ইনশাআল্লাহ, বিএনপি-জমিয়ত ঐক্যজোট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। অবহেলিত এই জনপদগুলোকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ে তোলা হবে।”
গণসংযোগ ও সমাবেশগুলোতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সল, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক এবং জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, ফয়েজ আহমদ দৌলত, আব্দুল মালেক, জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম আম্বিয়া কয়েস এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী। গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সমর্থক এ সময় প্রার্থীর সঙ্গে প্রচারণায় অংশ নেন। বক্তারা আগামী নির্বাচনে ঐক্যজোটের বিজয় নিশ্চিত করতে সাধারণ মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























