আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমিন। শনিবার (২৪ জানুয়ারি) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ও এর আশপাশের এলাকায় তিনি এই তৎপরতা চালান।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত দর্শনা পৌর এলাকার পাঁচটি ইটভাটায় যান রুহুল আমিন। সেখানে কর্মরত সাধারণ শ্রমিকদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। এ সময় তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করেন।
দিনের পরবর্তী কর্মসূচিতে বিকেল থেকে তিনি দর্শনা থানার নেহালপুর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন। এরপর সন্ধ্যায় দর্শনার রামনগর এলাকায় আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। সভায় তিনি এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, সুপ্রিম কোর্টের আইনজীবী রকেট শাহজাহান, অ্যাডভোকেট আসাদুল্লাহ, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ এবং দর্শনা পৌরসভা জামায়াতের আমির শাহিকুল আলম অপুসহ স্থানীয় নেতা-কর্মীরা। প্রচারণাকালে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রিপোর্টারের নাম 



















