চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ি এলাকার বাসিন্দাদের দীর্ঘ তিন দশকের দুর্ভোগের অবসান হয়েছে। ব্যক্তি উদ্যোগে প্রায় ৩০০ ফুট দীর্ঘ একটি কাঁচা সড়ক সলিংয়ের মাধ্যমে আধুনিকীকরণ করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর ধরে এই সড়কটি ছিল সম্পূর্ণ কাঁচা ও চলাচলের অযোগ্য। বর্ষাকালে কাদা-পানিতে ভরে যাওয়ায় পায়ে হেঁটে যাতায়াতও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। এতে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হতেন। দীর্ঘদিন ধরে কোনো যানবাহন চলাচল করতে না পারায় এলাকার অর্থনৈতিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছিল।
এহেন পরিস্থিতিতে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে সড়কটির সলিংয়ের কাজ শুরু হয়। তার এই জনহিতকর উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যার একটি স্থায়ী সমাধান হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
সড়কটি সলিং হওয়ার ফলে এখন সব শ্রেণি-পেশার মানুষ সহজে যাতায়াত করতে পারবেন। এতে এলাকার সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত হবে এবং শিক্ষা ও কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। সড়ক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সমাজ কমিটির অর্থ সম্পাদক আবুল মনছুর, সমাজসেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















