জামালপুরের মেলান্দহ উপজেলায় নিখোঁজের তিন দিন পর শহিদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির লাশ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) দুপুর ৩টার দিকে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর দকলাবন এলাকার হারুন অর রশিদ ইসলামী মাদ্রাসার সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম পশ্চিম মাহমুদপুর দকলাবন গ্রামের সোলাইমান শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই সকালে শহিদুল ইসলাম তার ৭ বছর বয়সী ছেলে আব্দুল্লাহর জন্য স্থানীয় হারুন অর রশিদ ইসলামী মাদ্রাসায় সকালের খাবার নিয়ে যান। খাবার দিয়ে মাদ্রাসার পেছনের পথ দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করেননি।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের আগে কয়েকজন শিশু ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে একটি লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিবারের সদস্যরা জানান, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ঘটনার পর তারা এ-সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও পুলিশের কাছে উপস্থাপন করেছেন।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের সঙ্গে তার ছেলের জন্য নিয়ে যাওয়া টিফিন ক্যারিয়ারও উদ্ধার করা হয়েছে। পরিবারের দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রিপোর্টারের নাম 

























