ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাতবাড়ি এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ১৮ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যক্তিগত ইগোর কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার অন্তত ৫০০ পরিবারের কয়েক হাজার মানুষ। রাস্তাটির বর্তমান অবস্থা এতটাই শোচনীয় যে, এটি এখন চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, সাবেক মেয়র এবং সাবেক উপজেলা চেয়ারম্যানপন্থী স্থানীয় কাউন্সিলরের মধ্যকার দীর্ঘদিনের রেষারেষির বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চরাঞ্চলের ডুবে যাওয়া পথের মতো রূপ নেয়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ পথচারীদের যাতায়াতে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া এবং উৎপাদিত ফসল পরিবহনে চরম বিপাকে পড়ছেন স্থানীয়রা।
এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং দ্রুত সড়ক সংস্কার ও ড্রেনেজ নির্মাণের দাবিতে সম্প্রতি ‘সাতবাড়ি সোসাইটি’র ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের দাবি, নিয়মিত পৌর কর পরিশোধ করেও তারা নূন্যতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রিপোর্টারের নাম 
























