আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের সিনেমা সাম্প্রতিক সময়ে বেশ নজর কাড়ছে। এরই ধারাবাহিকতায় এবার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৮৩তম আসরে স্থান করে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি উৎসবের ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে, যা ভেনিসে কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রথম অংশগ্রহণ। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিসে এই চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে নির্বাচিত হয়েছিল, যা ছিল উৎসবে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেই চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা খনা টকিজ এবার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর বাংলাদেশি সহ-প্রযোজক হিসেবে যুক্ত।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর ঘরানার ছবি। এর গল্প আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ‘মেফেয়ার’ বিউটি পার্লারকে কেন্দ্র করে। জাইনীন নামের এক তরুণী তার বিয়ের প্রস্তুতির জন্য এই পার্লারে আসে এবং প্রস্তুতি এগিয়ে যাওয়ার সাথে সাথে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে ঘিরে এক অস্বস্তিকর ও রহস্যময় জগতে সে ধীরে ধীরে জড়িয়ে পড়ে।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। সহ-অভিনেতা হিসেবে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ কামাল। অতিথি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধন ও দামীর খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বরেণ্য অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। ভেনিস উৎসবে চলচ্চিত্রটির প্রতিনিধিদলে পরিচালক রুবাইয়াত হোসেনসহ অভিনয়শিল্পীরা উপস্থিত থাকবেন। এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত চারজন নারী বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত, যা তাদের মেধার স্বীকৃতি বহন করে।
রিপোর্টারের নাম 

























