নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত যুবকের নাম আকাশ আহমেদ (২০)। তিনি বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার একমাত্র ছেলে ছিলেন। আকাশ ইউনিলিভার লিমিটেডে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে আকাশ আহমেদ নিজ বাড়ির টিনের ঘরের চালে ওঠেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য উপসহকারী বিপ্লব হোসেন জানান, আকাশ আহমেদ নামের ওই যুবককে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ সরকার বেলা ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 

























