বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আদর্শিক ও নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো আপস নেই। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, অন্যায় এবং জামায়াতে ইসলামী কখনো একপথে চলতে পারে না। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত ঢাকা জেলা জামায়াতের এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর কর্মীরা ফেরেশতা নন, তারা মানুষ হিসেবে ভুলত্রুটি করতে পারেন। তবে কোনো অন্যায় বা অপরাধ ধরা পড়লে তা সংশোধনের মানসিকতা থাকতে হবে। তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, সাদা কাপড়ে দাগ লাগলে তা দ্রুত দৃশ্যমান হয়, তাই দায়িত্ব পালনে অত্যন্ত যত্নশীল হতে হবে। নৈতিক স্খলন বা বড় ধরনের কোনো বিচ্যুতি ঘটলে দল কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে জামায়াত আমির বলেন, জনগণের রায়কে উপেক্ষা করে কোনো শাসনব্যবস্থাই দীর্ঘস্থায়ী হয় না। সংবিধানের দোহাই দিয়ে জনগণের ইচ্ছাকে অবজ্ঞা করা গ্রহণযোগ্য নয়। তিনি সবাইকে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে এবং আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ও সততার সঙ্গে চলার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























