দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লায় আসছেন। জেলার তিনটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। তারেক রহমানের এই আগমনকে ঘিরে কুমিল্লা নগরী ও জেলার সর্বত্র দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবের আমেজ বিরাজ করছে।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তারেক রহমানের কুমিল্লা আগমন নিশ্চিত করেছেন। তার আগমন উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে দলের প্রস্তুতি অংশ হিসেবে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ফুলতলির ডিগবাজি মাঠ পরিদর্শন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন এবং অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ সময় তারা মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন এবং জনসমাগমসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চট্টগ্রাম ও ফেনীর জনসভা শেষে তারেক রহমান প্রথমে কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে বক্তব্য রাখবেন। এরপর তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শুয়াগাজি ডিগবাজি মাঠে জেলার বৃহত্তম জনসভায় ভাষণ দেবেন। সবশেষে কুমিল্লা দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেবেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, কুমিল্লার ডিগবাজি মাঠে ১০ লাখেরও বেশি নেতাকর্মীর সমাগম হবে বলে তারা আশা করছেন। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি আসনের সমন্বয়ক আমিনুর রশিদ ইয়াছিন মাঠ পরিদর্শন শেষে বলেন, শুয়াগাজি ডিগবাজি মাঠের এই সমাবেশটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে পরিণত হবে। মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং ২৪ ঘণ্টা নেতাকর্মীরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
কুমিল্লা-৬ সদর আসনের বিএনপির প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী মন্তব্য করেছেন, তারেক রহমানকে একনজর দেখার জন্য কুমিল্লার লাখ লাখ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের এই আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বহুলাংশে বৃদ্ধি করবে।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ২০০৩ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে একটি ইউনিয়ন কর্মীসভায় বক্তব্য রেখেছিলেন। তবে এবারই প্রথম তিনি কুমিল্লা জেলায় এত বড় মহাসমাবেশে বক্তব্য দেবেন। তারেক রহমানের আগমনে কুমিল্লার ১১টি আসনের ধানের শীষের প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে এটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, নেতাকে বরণ করতে হাজার হাজার নেতাকর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার আগমনকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
ইতিমধ্যেই বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মনিরসহ শত শত নেতাকর্মী সমাবেশস্থলে এসে অবস্থান নিয়েছেন। তারা জানান, সরাসরি তাদের নেতা তারেক রহমানকে দেখার জন্য তারা একদিন আগেই মাঠে চলে এসেছেন।
রিপোর্টারের নাম 



















