চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তার কারণেই দেশের মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিতে আগ্রহী। তাদের গণসংযোগে যেখানেই যাচ্ছেন, সেখানেই মানুষের ঢল নেমে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার চট্টগ্রামের আগ্রাবাদ-পাঠানটুলী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। নগরীর ২৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাঠানটুলী বিএনপির উদ্যোগে আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।
তারেক রহমানের সম্ভাব্য আগমন নিয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, বিএনপির আলাদা কোনো প্রস্তুতির দরকার নেই। বিএনপি গণমানুষের দল, জনগণই আমাদের শক্তি।
এ সময় তিনি বিএনপির অতীত শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপির সময়ে যে উন্নয়ন হয়েছে, মানুষ তা এখনো মনে রেখেছে। সে কারণেই জনগণ আবারও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশ নেন।
এর আগে সকাল থেকেই ওই এলাকায় উৎসুক মানুষের ভিড় দেখা যায়। গণসংযোগটি আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে শুরু হয়ে কমার্স কলেজ রোড, মোগলটুলি, কাটা বটগাছ মোড়, বড়ুয়াপাড়া হয়ে আশপাশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়। পুরো পথে আমীর খসরু মাহমুদ চৌধুরী দোকানপাট, কলোনি ও রাস্তার মোড়ে মোড়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।
রিপোর্টারের নাম 

























