মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটে। আটক সোহেল রানা উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রমতে, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের উপলক্ষে অনুষ্ঠানস্থলে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মিনি স্টেডিয়াম এলাকায় দাঁড়িয়ে সোহেল রানা হঠাৎ ‘জয় বাংলা স্লোগান’ দিতে শুরু করেন। এতে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি মাঠসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। পরে স্থানীয়রা তাকে মারধর করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানায় রয়েছেন। এই বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি’র বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বুধবার শ্রীমঙ্গলে আসার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার এই সফরকে কেন্দ্র করে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















