জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মতো প্রতিশ্রুতির আড়ালে এক ধরনের ভোট কেনার কৌশল অবলম্বন করছে। তিনি বলেন, মানুষ এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতিতে আর বিশ্বাসী নয় এবং তারা এর আগেও এমন অনেক আশ্বাস শুনেছে। শনিবার সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন যে, প্রতিদ্বন্দ্বী জোটগুলো বিভিন্ন মিথ্যা আশ্বাস দিচ্ছে, যার বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই। মানুষ এখন আর শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না, বরং এর বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।
এনসিপি আহ্বায়ক আরও অভিযোগ করেন, বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি মানছেন না। তিনি বলেন, বিদ্যুতের তারে পোস্টার ঝোলানো হচ্ছে এবং তাদের দলের ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া, ১০ দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায়ও বাধা দেওয়া হচ্ছে।
গণভোটের প্রচারণা চালানোর কারণে নির্বাচন কমিশন (ইসি) এনসিপি নেতাদের শোকজ করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিস্ময় প্রকাশ করেন যে, বিএনপি প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
১৬ বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে দাবি করে নাহিদ ইসলাম ভোটারদের নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান। তিনি বলেন, এবারের ভোট বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। তবে, তার নিজ এলাকাসহ বিভিন্ন স্থানে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে বলেও তিনি জানান।
ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই এলাকায় পানি ও গ্যাসের সংকট প্রকট। এছাড়া, মাদকের ব্যাপক কারবার চলে, যা তরুণ সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার করেন এবং বলেন যে, এই সমস্যার মূলে থাকা প্রশাসন ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দূর করতে পারলে মাদক নির্মূল সম্ভব।
এনসিপি আহ্বায়ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকরা এবার শুধু ভোট দিতেই আসবে না, তারা ভোটকেন্দ্র পাহারা দেবে এবং ভোটের ফলাফল নিয়েই ঘরে ফিরবে। তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন যে, যদি শেষ পর্যন্ত তারা নিরপেক্ষতার ধার না ধারে, তাহলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।
এদিন নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের ভাটারা থানা, বাঁশতলা, সুবাস্তু মার্কেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং উঠান বৈঠকে অংশ নেন।
রিপোর্টারের নাম 

























