ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তাঁর গণজোয়ার প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ বড় দলগুলো যেকোনো ধরনের অপকর্মে লিপ্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার রুমিন ফারহানা এই মন্তব্য করেন। তিনি বলেন, “আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিপক্ষ হিসেবে যে বড় দল মাঠে আছে, তারা নির্বাচনের আগে যেকোনো কিছুই করতে পারে। সে কারণেই আমার যে একটা গণজোয়ার আছে; সেটা অনেকেরই ভয়ের কারণ হয়েছে।”
নির্বাচনী মাঠে পেশি শক্তি ও কালো টাকার প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যেকোনো উপায়ে নির্বাচনে জয়লাভের চেষ্টা করে। এ প্রসঙ্গে তিনি তাঁর কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে বলেন, “আমি আমার নেতাকর্মীদের বারবার সাবধান করি যে হাঁসের কোনো অভাব নাই মাঠে। হাঁসগুলোকে যেন সন্ধ্যায় গুণে গুণে খোয়াড়ে তোলা হয়।”
রুমিন ফারহানা অভিযোগ করেন যে, এই আসনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তিনি জানান, শুধুমাত্র মানুষের বাড়িতে উঠান বৈঠক করার কারণে তাঁকে এ পর্যন্ত ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর বিপরীতে, বড় মঞ্চ করে বিএনপির সমর্থিত প্রার্থী প্রচারণা শুরুর আগে থেকেই সভা-সমাবেশ করে ভোট চেয়েছেন। এমনকি দোয়া মাহফিলের নামে তাঁর বিরুদ্ধে কুৎসা রটানো হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এই আসনে বিএনপি তাদের জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























