বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেও তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল হয়েছে। এই বিষয়ে তিনি হাইকোর্টে রিট আবেদন করলেও তা খারিজ করে দিয়েছেন আদালত। ফলে জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের পথ রুদ্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আইনজীবীদের মতে, হলফনামায় মিথ্যা তথ্য প্রদান এবং নাগরিকত্ব গোপন করা একটি গুরুতর অপরাধ, যা প্রার্থিতা বাতিলের জন্য যথেষ্ট।
জানা গেছে, মো. আবদুল গফুর ভূঁইয়া যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দাখিলকৃত হলফনামায় তিনি এই তথ্য সম্পূর্ণ গোপন রাখেন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকি এই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনেন এবং গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেন।
নির্বাচন কমিশন উভয় পক্ষের বক্তব্য শোনার পর গত ১৮ জানুয়ারি আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল ঘোষণা করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া গত ২০ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব ইস্যু দেখিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
অভিযোগকারীর পক্ষের আইনজীবীরা আদালতে জানান, প্রার্থী গফুর ভূঁইয়া জেনেশুনেই তার দ্বৈত নাগরিকত্বের তথ্য হলফনামায় গোপন করেছিলেন। পরবর্তীতে ধরা পড়ার পর নাগরিকত্ব ত্যাগের একটি লোক দেখানো আবেদন করলেও তা আইনানুগভাবে সম্পন্ন হয়নি। হলফনামায় অসত্য তথ্য দেওয়াই তার প্রার্থিতা বাতিলের মূল কারণ বলে তারা উল্লেখ করেন।
—
রিপোর্টারের নাম 

























