দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে যে পরিমাণ জ্বালানি মজুত আছে, তাতে আগামী দুই মাস কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই।
বিগত দেড় মাসে সারা দেশে জ্বালানি খাতের অনিয়ম রোধে ব্যাপক অভিযান চালানো হয়েছে বলে জানান যুগ্মসচিব। ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পরিচালিত ৯ হাজার ১১৬টি অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে ১ কোটি ৫৬ লাখ টাকার বেশি অর্থদণ্ড আদায়ের পাশাপাশি ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে অবৈধভাবে মজুত করা ডিজেল, অকটেন ও পেট্রোলসহ মোট ৫ লাখ ৪২ হাজার লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
জ্বালানি মজুতের বিস্তারিত তথ্য দিয়ে তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ মেট্রিক টনের বেশি ডিজেল, ৩১ হাজার মেট্রিক টনের বেশি অকটেন এবং ১৮ হাজার মেট্রিক টনের বেশি পেট্রোল মজুত রয়েছে। এছাড়া ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের পর্যাপ্ত মজুত রয়েছে যা দেশের চাহিদা মেটাতে সক্ষম বলে জানান তিনি।
রিপোর্টারের নাম 






















