যুক্তরাষ্ট্রের উত্তর ফিলাডেলফিয়া এলাকায় এক ভয়াবহ বন্দুক হামলায় একজন নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে লিহাই অ্যাভিনিউ ও নর্থ হাওয়ার্ড স্ট্রিটের সংযোগস্থলে এই গুলির ঘটনা ঘটে। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
পুলিশ জানিয়েছে, রাত পৌনে ১০টার দিকে টহলরত সদস্যরা গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তল্লাশি চালিয়ে অন্তত ২৭টি গুলির খোসা এবং রক্তের দাগ উদ্ধার করা হয়েছে, যা থেকে হামলার ভয়াবহতা স্পষ্ট বোঝা যায়। হামলায় আহত ২৫ বছর বয়সী এক যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৩৫ বছর বয়সী অন্য এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।
ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে কোনো পুরনো বিরোধের জেরে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টারের নাম 























