জনপ্রিয় সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুমিল্লা-৬ (সদর) আসনে প্রার্থী হওয়ার পেছনের কারণ উন্মোচন করেছেন। একইসঙ্গে তিনি আসন্ন নির্বাচনে এই আসন থেকে ধানের শীষের মনোনয়ন পাওয়া মনিরুল হক চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন।
আসিফ আকবর তার পোস্টে ২০০৭ সালের ২২ জানুয়ারির জাতীয় নির্বাচনের স্মৃতিচারণ করে লেখেন, তৎকালীন পরিস্থিতিতে কুমিল্লা সদর আসনে বিএনপির প্রার্থী সংকট দেখা দেয়। সাবেক এমপি কর্নেল আকবর হোসেনের মৃত্যুর পর এই আসনে একজন যোগ্য প্রার্থীর প্রয়োজনীয়তা অনুভব করে দল। তিনি নিজে নমিনেশন পেপার কিনে দলের স্থায়ী কমিটির নির্বাচনি বোর্ডের সামনে বেগম খালেদা জিয়াকে কুমিল্লা-৬ আসনে প্রার্থী করার পক্ষে যুক্তি তুলে ধরেন। তার মতে, সদর আসনটি কুমিল্লার অন্য দশটি আসনের ফলাফলে প্রভাব ফেলবে—এই বিবেচনা থেকেই বেগম জিয়াকে প্রার্থী করা হয়েছিল।
বেগম খালেদা জিয়ার সঙ্গে কুমিল্লার মানুষের গভীর সম্পর্ক এবং স্মৃতি জড়িয়ে আছে বলেও উল্লেখ করেন আসিফ। তিনি লেখেন, বেগম জিয়া প্রায়ই বলতেন যে, বিয়ের পর তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টেই তার সংসার জীবন শুরু করেছিলেন। আসিফ আকবর তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা ও বিচক্ষণতার প্রশংসা করে জানান, বর্তমানে কুমিল্লা বিএনপি কোন্দল কাটিয়ে ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে মনিরুল হক চৌধুরীর প্রার্থিতা প্রসঙ্গে আসিফ আকবর তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশৃঙ্খল ও অপরিকল্পিত কুমিল্লার জন্য তিনি একজন যোগ্য প্রশাসক হবেন। চৌধুরী সাহেবের সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে জানিয়ে আসিফ আশা প্রকাশ করেন, তিনি শুধু সদরের এমপি হয়েই থেমে থাকবেন না, বরং শিক্ষিত প্রজন্ম দিয়ে কুমিল্লা বিএনপিকে সাজাবেন। তিনি আরও বিশ্বাস করেন যে, মনিরুল হক চৌধুরী বিএনপিকে চাঁদাবাজমুক্ত করে শহরবাসীকে প্রশান্তিতে রাখতে পারবেন এবং দীর্ঘদিন পর কুমিল্লাবাসী একজন ভালো প্রশাসক পেতে যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























