বিশ্ব সংগীতের মঞ্চে নিজের মুকুটে আরও একটি অনন্য পালক যুক্ত করলেন পপ সেনসেশন টেইলর সুইফট। সংগীত রচয়িতাদের দুনিয়ায় সর্বোচ্চ মর্যাদার স্বীকৃতি হিসেবে পরিচিত ‘সংরাইটার্স হল অব ফেমে’ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তাঁর নাম। বুধবার (২১ জানুয়ারি) কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে ৩৬ বছর বয়সে এই বিরল সম্মাননা অর্জন করছেন তিনি। এর আগে ১৯৮৩ সালে মাত্র ৩৩ বছর বয়সে কিংবদন্তি স্টিভি ওয়ান্ডার এই রেকর্ড গড়েছিলেন।

সংগীত রচয়িতাদের এই অভিজাত তালিকায় স্থান পেতে হলে কোনো শিল্পীর প্রথম বাণিজ্যিক গান প্রকাশের পর অন্তত দুই দশকের সফল ক্যারিয়ার এবং কালজয়ী গানের ভাণ্ডার থাকা বাধ্যতামূলক। টেইলর সুইফট তাঁর অসাধারণ কাব্যিক লেখনী ও সুরের জাদুতে সেই যোগ্যতা অনায়াসেই অর্জন করেছেন। আগামী ১১ জুন নিউইয়র্কের ম্যারিয়ট মার্কুইস হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। এবারের আসরে সুইফটের পাশাপাশি অ্যালানিস মরিসেট ও কিস ব্যান্ডের পল স্ট্যানলির মতো তারকাদেরও হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
টেইলর সুইফটের এই অর্জন তাঁর ক্যারিয়ারের দীর্ঘ সাফল্যেরই ধারাবাহিকতা। এ পর্যন্ত ১৪টি গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পী চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জেতার রেকর্ড গড়েছেন। তাঁর সাম্প্রতিক অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ এবং ‘দ্য লাইফ অফ অ্যা শো গার্ল’ বিশ্বজুড়ে বিক্রির সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। বিশেষ করে তাঁর ‘ইরাস ট্যুর’ এবং এর ওপর ভিত্তি করে নির্মিত কনসার্ট ফিল্ম বিশ্বব্যাপী সংগীতপ্রেমীদের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি করেছে, তা আধুনিক সংগীত ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। এই নতুন স্বীকৃতির মাধ্যমে টেইলর সুইফট প্রজন্মের সেরা গীতিকার হিসেবে নিজের অবস্থানকে আরও সুসংহত করলেন।
রিপোর্টারের নাম 

























