বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত এই আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক রাসেল সরদার আসামি কামরুল হাসান রিপনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। সেদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য রিপনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট ওবায়দুল ইসলামসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ওবায়দুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান রিপন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কিছু লোক রিপনকে আটক করে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ীতে সংঘটিত দীন ইসলাম বেপারী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার রাতে আদালতে সোপর্দ করা হয়।
মামলার এজাহার সূত্রে অভিযোগ করা হয়েছে, সরকার পতনের দিন, অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে ছাত্র-জনতা শাহবাগের উদ্দেশে একটি মিছিল বের করে। মিছিলটি যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় দীন ইসলাম বেপারীর শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পরবর্তীতে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
রিপোর্টারের নাম 

























