আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক-কমেডি ঘরানার ফিল্ম ‘একসাথে আলাদা’। রেজাউর রহমান পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও পারসা ইভানা। আসন্ন ঈদে ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেতে যাচ্ছে এক ঘণ্টার দৈর্ঘ্যের এই বিশেষ নির্মাণ।
ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হইচই আসন্ন ঈদ উপলক্ষে এক ঘণ্টার দৈর্ঘ্যের নতুন একটি ফিল্ম ফরম্যাট চালু করতে যাচ্ছে, যার প্রথম নিবেদন ‘একসাথে আলাদা’। এর মাধ্যমে প্রথমবারের মতো হইচই-এর পর্দায় একসাথে দেখা যাবে ইয়াশ রোহান ও পারসা ইভানাকে। এই জুটির রসায়ন বরাবরই দর্শকপ্রিয়, এবং এই ছবিতে তাদেরকে এক নতুন ও সময়োপযোগী রূপে আবিষ্কার করা যাবে বলে নির্মাতারা জানিয়েছেন।
ছবিটিতে ইয়াশ ও পারসা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে।
পরিচালক রেজাউর রহমান, যিনি এর আগে সমসাময়িক গল্পের জন্য প্রশংসিত হয়েছেন, এই ছবিটি প্রসঙ্গে বলেন, “আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা বিদ্যমান, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা ও কর্মজীবনের চাপে সম্পর্কের সমীকরণগুলো ভিন্ন দিকে মোড় নিচ্ছে। ইয়াশ ও পারসা দুজনেই তাদের চরিত্রগুলোতে অসাধারণ অভিনয় করেছেন। দর্শকদের জন্য এটি এক ঘণ্টার এক সতেজ অভিজ্ঞতা হবে বলে আমার বিশ্বাস।”
অভিনেতা ইয়াশ রোহান তার অভিজ্ঞতা ভাগ করে বলেন, “‘একসাথে আলাদা’র চিত্রনাট্য পড়ার সময়ই আমার মনে হয়েছিল, এটি আমাদের চারপাশের পরিচিত মানুষের গল্প। পোস্টার দেখে দর্শকরা যে আগ্রহ দেখাচ্ছেন, আশা করছি ছবিটি মুক্তির পর সেই ভালোবাসা আরও বাড়বে।”
অভিনেত্রী পারসা ইভানা তার চরিত্র সম্পর্কে বলেন, “এই চরিত্রটি আমার আগের কাজগুলো থেকে বেশ আলাদা। রোমান্টিক কমেডি হলেও এর গভীরে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি রয়েছে। ইয়াশ আর আমি চেষ্টা করেছি পর্দায় সেই ম্যাজিকটা ফুটিয়ে তুলতে।”
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “সব সময় আমাদের চেষ্টা থাকে দর্শককে নতুন এবং বৈচিত্র্যময় গল্পের স্বাদ দেওয়া। সেই ধারাবাহিকতায় ‘একসাথে আলাদা’ আমাদের এই বছরের অন্যতম একটি বিশেষ কাজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস, সহজ-সরল অথচ গভীর আবেগের এই গল্পটি দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নেবে।”
রিপোর্টারের নাম 

























