রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ সাত আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই সপ্তাহ সময় পেয়েছে প্রসিকিউশন। আগামী ৩ ফেব্রুয়ারি এই প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে আরও দুই সপ্তাহ সময় প্রার্থনা করেন। এরপর ট্রাইব্যুনাল আগামী ৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করে।
এদিন সকালে এই মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাসহ তিন সাবেক পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই গভীর রাতে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামের ওই অভিযানে ৯ যুবককে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই মানবতাবিরোধী অপরাধের মামলাটি দায়ের করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে এটি একটি সাজানো জঙ্গি আস্তানা ছিল।
রিপোর্টারের নাম 

























