কে-পপ জগতের বৈশ্বিক সেনসেশন ব্ল্যাকপিংক তাদের চলমান ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে জাপানের টোকিও ডোম মাতাল। গত ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত টানা তিনটি কনসার্টে অংশ নিয়ে দলটি এক অনন্য রেকর্ড গড়েছে। তাদের মূল প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, তিন দিনের এই বিশেষ আয়োজনে মোট ১ লাখ ৬৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন। রোজ়ে, জেনি, লিসা ও জিসু যখন মঞ্চে ‘কিল দিস লাভ’ এবং ‘পিংক ভেনম’-এর মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করছিলেন, তখন পুরো স্টেডিয়াম এক অভাবনীয় উন্মাদনায় মেতে ওঠে।
কনসার্ট চলাকালীন ব্ল্যাকপিংক তাদের ক্যারিয়ারের সেরা হিট গান ‘হুইসেল’, ‘বুম্বায়া’ এবং বর্তমান সময়ের সাড়া জাগানো গান ‘জাম্প’ গেয়ে শোনায়। দর্শকদের কাছ থেকে পাওয়া বিশাল ভালোবাসা ও সমর্থনে সদস্যরা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই মুহূর্তগুলোকে সারাজীবন হৃদয়ে আগলে রাখার অঙ্গীকার করেন। জাপানের এই সফল সফর শেষ করে আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি হংকংয়ের কাই তাই স্পোর্টস পার্কে পারফর্ম করার কথা রয়েছে দলটির। এই কনসার্টগুলোর মাধ্যমেই তাদের দীর্ঘকালীন ওয়ার্ল্ড ট্যুরের সমাপ্তি ঘটবে।
ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে ব্ল্যাকপিংক তাদের নতুন মিউজিক্যাল প্রজেক্টের ঘোষণা দিয়েছে। দীর্ঘ সাড়ে তিন বছরের বিরতি কাটিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তাদের তৃতীয় ইপি (EP) ‘ডেডলাইন’। এই অ্যালবামে বিলবোর্ড গ্লোবাল ২০০-এর শীর্ষে থাকা আলোচিত গান ‘জাম্প’ অন্তর্ভুক্ত থাকবে। ২০২২ সালের ‘বর্ন পিংক’ অ্যালবামের ব্যাপক সাফল্যের পর এই নতুন ইপির মাধ্যমে ব্ল্যাকপিংক বিশ্বসংগীতের মঞ্চে আবারও নিজেদের আধিপত্য জোরালো করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























