বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও প্রখ্যাত নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ আর নেই। বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বরেণ্য এই শিল্পীর বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই অভিনেতা দীর্ঘ দিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার নিজ বাসভবনেও দীর্ঘ সময় চিকিৎসা চলেছে। অবশেষে আজ সকালে সব মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান তিনি।
জাভেদের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট অভিনেতা ও প্রযোজক সোহেল রানা প্রিয় বন্ধুর প্রয়াণে আবেগাপ্লুত হয়ে পড়েন। শোকবার্তায় তিনি বলেন, “জাভেদ আমার অত্যন্ত কাছের বন্ধু ছিলেন। তিনি শুধু একজন দুর্দান্ত অভিনেতাই ছিলেন না, আমার বহু চলচ্চিত্রে তিনি নৃত্যপরিচালক হিসেবে মুন্সিয়ানা দেখিয়েছেন। এমনকি আমার একটি ছবিতে তিনি অভিনয়ও করেছিলেন।”
স্মৃতিচারণ করতে গিয়ে সোহেল রানা আরও বলেন, “তিনি জন্মসূত্রে পাকিস্তানি হলেও বাংলাদেশকে মনেপ্রাণে ভালোবাসতেন। ১৯৭১ সালের স্বাধীনতার পর তিনি নিজ দেশে ফিরে না গিয়ে এই দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। আমৃত্যু তিনি এ দেশের মানুষ এবং চলচ্চিত্র শিল্পকে ভালোবেসে গেছেন। শান্তিতে ঘুমাও বন্ধু, তোমাকে আমি কখনো ভুলব না।”
ঢাকাই সিনেমার ইতিহাসে জাভেদ এক অবিস্মরণীয় নাম। বিশেষ করে নাচের মুদ্রায় দর্শকদের মুগ্ধ করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার ছিল। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্রের একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। গুণী এই অভিনেতার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিনোদন অঙ্গনের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।
রিপোর্টারের নাম 

























