সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ ও প্রসারের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত বিজয়ের মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনীর সমাপনী পর্ব আজ ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রীয় শোক পালনের কারণে পূর্বনির্ধারিত সময়ে শেষ হতে না পারা এ উৎসবের শেষ তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।
আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৬:৩০ টায় মোহাম্মদপুর মাগুরার ‘উর্মি অপেরা’ তাদের পরিবেশনা ‘প্রেমের সমাধি তীরে’ মঞ্চস্থ করবে। নির্মল মুখোপাধ্যায় পালাটির পালাকার এবং শামীম খন্দকার রয়েছেন পরিচালনায়।
আগামীকাল ২২ জানুয়ারি, বৃহস্পতিবার, বিরামপুর দিনাজপুরের ‘তিষা অপেরা’ একই মঞ্চে ‘ডাইনী বধূ’ যাত্রাপালা পরিবেশন করবে।
২৩ জানুয়ারি, শুক্রবার, মাসব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
দিনের শুরুতে বেলা ২টায় নগর পরিভ্রমণের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দলের যাত্রা শিল্পীরা তাদের অভিনীত চরিত্রের পোশাক পরিধান করে বিভিন্ন সংলাপ পরিবেশন করবেন। বাদ্য-গীতের তালে তালে শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে দোয়েল চত্বর-শাহবাগ হয়ে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে এই বর্ণাঢ্য নগর শোভাযাত্রা।
সন্ধ্যা ৬:৩০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট তাদের পরিবেশনা ‘জেনারেল ওসমানী’ যাত্রাপালাটি মঞ্চস্থ করবে। এম এ মজিদ পালাটির পালাকার এবং তানভীর নাহিদ খান এর পরিচালক।
রিপোর্টারের নাম 

























