রাজধানীর হাজারীবাগের দাগী আর্ট গ্যারেজে শুরু হয়েছে শিল্পী রাসেল চৌধুরীর একক শিল্পকর্ম প্রদর্শনী ‘একটি সাদামাটা প্রেমের গল্প’। চলমান সামাজিক ও মানসিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রেমকে এক ধরনের শান্ত প্রতিরোধ হিসেবে উপস্থাপন করে শিল্পী তার তুলিতে ফুটিয়ে তুলেছেন দৈনন্দিন জীবনের সরল মানবিক অনুভব। গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।
‘একটি সাদামাটা প্রেমের গল্প’ শীর্ষক এই প্রদর্শনীতে শিল্পী প্রেমকে দেখেছেন এক নরম, কোমল, স্নিগ্ধ ও অন্তর্গত অনুভূতি হিসেবে। সাম্প্রতিককালে মানুষ যখন প্রতিনিয়ত জীবনের জটিল চাপ ও বহুমুখী সমস্যার মুখোমুখি, তখন প্রেম উপভোগের সহজ সরলতাকে শিল্পী তুলে ধরেছেন এক নীরব প্রতিবাদের ভাষা হিসেবে। ফুল, পাখি কিংবা সরিষা ক্ষেতের মতো সাধারণ সৌন্দর্যের মাঝে যে মানসিক প্রশান্তি ও উপভোগের সুযোগ ক্রমশ সংকুচিত হয়ে আসছে, এই প্রদর্শনী তারই এক সংবেদনশীল শৈল্পিক প্রতিফলন।
শিল্পী রাসেল চৌধুরী মনে করেন, বর্তমান সময় এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষের শোক, আনন্দ বা আবেগ দ্রুত পরিবর্তিত হয়। প্রযুক্তিনির্ভর বাস্তবতায় মানুষ প্রতিনিয়ত অসংখ্য তথ্য ও অভিজ্ঞতায় আচ্ছন্ন, ফলে কোনো বিশেষ মুহূর্ত গভীরভাবে অনুভব করার অবকাশ কমে আসছে। এই প্রেক্ষাপটে প্রেমের গল্প বলা বা প্রেমকে অনুভব করা হয়ে দাঁড়িয়েছে এক ধরনের বিলাসিতা। শিল্পী তাঁর শিল্পকর্মের মাধ্যমে এই ‘বিলাসিতা’কে পুনরুদ্ধার করার চেষ্টা করেছেন, যা এক গভীর মানবিক আলোচনার জন্ম দেয়।
এ কারণে ‘একটি সাদামাটা প্রেমের গল্প’ কোনো মহৎ প্রেমের উপাখ্যান নয়, বরং দৈনন্দিন জীবনের গভীরে লুকিয়ে থাকা সরল, নীরব ও মানবিক অনুভূতির এক শৈল্পিক ভাষ্য। এই অনন্য প্রদর্শনীটি প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। দাগী আর্ট গ্যারেজ, ৯৫/৫ হাজারীবাগ (পুরান থানা মোড়), ঢাকা—এই ঠিকানায় প্রদর্শনীটি উপভোগ করা যাবে।
রিপোর্টারের নাম 

























