বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনীত নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর শুটিং শুরু হয়েছে শ্রীলঙ্কায়। পরিচালক মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার পুরো ইউনিট বর্তমানে দ্বীপরাষ্ট্রটিতে অবস্থান করছে। সিনেমার মূল চিত্রায়ণের জন্য ভারত নয়, শ্রীলঙ্কাকে বেছে নেওয়ার কারণও জানিয়েছেন পরিচালক।
জানা গেছে, ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয়ের জন্য টলিউডের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়কে চূড়ান্ত করা হয়েছে। যদিও এর আগে এই চরিত্রে শাকিব খান ও সিয়াম আহমেদের নাম শোনা গিয়েছিল, এবং সিয়ামের বিপরীতে টলিউডের আরেক অভিনেত্রী ইধিকা পালের অভিনয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। এ প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে জানান, চিত্রনাট্যের চরিত্র অনুযায়ী ইধিকা পাল মানানসই ছিলেন না। চরিত্রের আধুনিকতা, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও শহুরে চালচলনের সঙ্গে সুস্মিতা চট্টোপাধ্যায়ই বেশি মানিয়ে গেছেন, তাই তাকেই বেছে নেওয়া হয়েছে।
পরিচালক আরও জানান, প্রাথমিকভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শৈল্পিক আদান-প্রদানের কথা মাথায় রেখে সেখানেই শুটিংয়ের পরিকল্পনা ছিল। তবে বর্তমানে দুই দেশের মধ্যে এই আদান-প্রদানে সাময়িক ছেদ পড়ায় বিকল্প হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার ভৌগোলিক সাদৃশ্যও এই সিদ্ধান্তের পেছনে একটি কারণ। হৃদয়ের ভাষ্যমতে, তিনি শুরু থেকেই ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাতেও শুটিংয়ের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং স্পটও দেখে এসেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এই সংকট কেটে যাবে। ‘রাক্ষস’ সিনেমার কয়েকটি গানের দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় করারও পরিকল্পনা রয়েছে।
রিপোর্টারের নাম 

























